|
রৌমারীতে ২০০ পিস ইয়াবা ও বিদেশি মদসহ একজন আটক
বেলাল হোসেন, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
|
কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদসহ মো.মোন্নাফ হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।আটক মো.মোন্নাফ হোসেন রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা ডিগ্রির চর গ্রামের মৃত কদম আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ২টার দিকে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় রৌমারী থানার এসআই নুরুল আমিন,এসআই বিল্লাল হোসেন, এসআই নুর আলম মণ্ডল, এএসআই মেহেদী হাসান ও এএসআই সোহেল রানাসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়। অভিযান চলাকালে আটক ব্যক্তির শয়নকক্ষে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ বিষয়ে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী বলেন,মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার,সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। মাদকের উৎস, সরবরাহপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় নয়। |