|
সাতক্ষীরায় সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি:
|
সাতক্ষীরায় ৭৭ টি উপজেলা ও ৩ টি পৌরসভার সরকারিভাবে নতুন রাসায়নিক সারের ডিলার নিয়োগের অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার ( ১৪ অক্টোবর) সাতক্ষীরা ডিসি অফিসের মূল ফটকের সামনে সাতক্ষীরা জেলার বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে বিতর্কিত ডিলারশিপ নিয়োগ বাতিলের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে জনবিচ্ছিন্ন গুটিকয়েক মানুষের তৈরি করা তালিকার ভিত্তিতে জেলা প্রশাসনের সহায়তায় এই বিতর্কিত ডিলারশিপ চূড়ান্ত করা হয়েছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক পরিবারের প্রভাব খাটিয়ে তাদের নিকটাত্মীয়, স্ত্রী-সন্তান ও শ্যালক-শ্যালিকার নামে একাধিক ডিলারশিপ দেওয়ার পাশাপাশি বড় অঙ্কের আর্থিক লেনদেন করা হয়েছে। তাদের দাবি, যারা কখনো সারের ব্যবসা বা কৃষির সঙ্গে যুক্ত ছিলেন না, তাদেরও এই ডিলারশিপ দেওয়া হয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, বিগত বছরগুলোতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে যারা রাজপথে নির্যাতিত হয়েছেন। তাদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে স্বজনপ্রীতির মাধ্যমে ডিলার নিয়োগ দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এই নিয়োগ প্রক্রিয়ার কারণে মাঠপর্যায়ের সাধারণ কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন এবং সারের কৃত্রিম সংকট তৈরি হবে।তারা অবিলম্বে এই বৈষম্যমূলক ও বিতর্কিত তালিকা বাতিল করে যোগ্য ও প্রকৃত ব্যবসায়ীদের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার জোর দাবি জানান। সাতক্ষীরা জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিতে ও পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলার দলের সভাপতি স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট কামরুজ্জামান ভুট্টু সদস্য সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সজীব, যুগ্ম সম্পাদক খোকা প্রমুখ। |