|
সিলেট নগরীর সকল সড়ককে উন্নয়নের নেটওয়ার্কে আনতে চাই - সিসিক প্রশাসক
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুরো:
|
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট নগরীর সকল সড়কে উন্নয়নের নেটওয়ার্কে আনতে চাই। সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের প্রতিটি সড়ককে পর্যায়ক্রমে উন্নয়নের নেটওয়ার্কে আনা হবে। বুধবার (১৪ অক্টোবর) সকালে নগরের ফাজিলচিশত খানবাড়ী সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সিলেটের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। তাঁর সহযোগিতায় নগরের বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলছে। ফাজিলচিশত খানবাড়ী সড়ক ও ড্রেনের কাজ আরসিসি দিয়ে সম্পন্ন করা হয়েছে। ফলক উন্মোচনের মাধ্যমে সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ উদ্বোধন শেষে এলাকাবাসীকে নিয়ে মোনাজাত করেন সিসিক প্রশাসক। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মহসিন খান, হাসিব খান, ওয়ালী খান জাবেদ, ওয়াকিল খান পাবেদ, ওয়াসিফ খান প্রমুখ। পরে সিসিক প্রশাসক নগরের চালিবন্দরে কাষ্টঘর প্রধান সড়কের উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক পাটোয়ারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুপুরে সিসিক প্রশাসক নগরের ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি মুরাদপুর প্রধান সড়কের উন্নয়নকাজ ঘুরে দেখেন। |