|
বনানী থানা যুবদলের সাবেক সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
|
ঢাকা মহানগর উত্তর বনানী থানা যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শাজাহান সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাঁদাবাজির মিথ্যা ও বানোয়াট অভিযোগ তোলার অভিযোগ উঠেছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা শুরু হলে তা সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন এই সাবেক যুবদল নেতা।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নামে-বেনামে বিভিন্ন আইডি থেকে শাজাহান সরকারের বিরুদ্ধে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার নানা অভিযোগ তোলা হয়। এর মধ্যে ‘Md Sabu Islam’ নামের একটি ফেসবুক আইডি থেকে দুটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, শাজাহান সরকারের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বনানী থানা যুবদল আজকে প্রশ্নবিদ্ধ। পোস্টে ‘হেলাল’ নামের এক যুবককে ঘিরে দাবি করা হয়, তিনি সারাদিন শাজাহান সরকারের সঙ্গে ওঠাবসা করেন। হেলালকে চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী ও সাবেক শাসক দল আওয়ামী লীগের দোসর দাবি করে বলা হয়, তিনি শাজাহান সরকারের হয়ে চাঁদা তুলতে গিয়ে সাধারণ জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রোপাগান্ডা বলে দাবি করেছেন শাজাহান সরকার। ঘটনার প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে তিনি নিজের ফেসবুক আইডিতে একটি সতর্কতামূলক পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, "আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম আমাকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। উক্ত বিষয়টি নিয়ে আমি প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছি। সত্যতা যাচাই না করে যাঁরা এই প্রোপাগান্ডা, মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছেন, তারা যদি এসব তথ্য সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট না করেন—তবে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।" পোস্টের শেষে তিনি সতর্ক বার্তা হিসেবে লেখেন, "সাধু সাবধান।" এ বিষয়ে শাজাহান সরকারের অনুসারীদের দাবি, রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করা এবং ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমে এসব অপপ্রচার চালাচ্ছে। অনতিবিলম্বে এসব তথ্য মুছে ফেলা না হলে আইনি পথেই এর সমাধান করা হবে বলে জানান তিনি। |