|
কালিহাতীতে ট্রাভেল ব্যাগে চার হাজার ৮১৫ ইয়াবা, আটক ১
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি :
|
টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী যৌথ অভিযানে ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন মিয়া (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ ও জেলা কার্যালয়, টাঙ্গাইলের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে কালিহাতী উপজেলার পাথালকান্দি এলাকায় টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জনৈক ফরজ আলীর ফার্নিচারের দোকানের দক্ষিণ পাশে সন্দেহভাজন আল আমিন মিয়াকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির সময় তার সঙ্গে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। আটক মো. আল আমিন মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার চরকিলকাপুর গ্রামের মৃত মফিজল ইসলামের ছেলে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। |