|
কলেজছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার-২
সাতক্ষীরা প্রতিনিধি:
|
সাতক্ষীরা শহরের বহুল আলোচিত কলেজছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনায় সহযোগীসহ দায়েরকৃত মামলার প্রধান আসামি নাহিদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শুইলপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত নাহিদ হাসান সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে ও অমিত হাসান (৩০) একই এলাকার হুমায়ুন কবীরের ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, কলেজছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসান ভারতে পালিয়ে যাওয়ার জন্য কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে-এমন খবর পুলিশের কাছে আসে। তার ভিত্তিতে সদর থানা, কালিগঞ্জ থানা ও গোয়েন্দা পুলিশের একটি টিম মঙ্গলবার ভোর চারটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তবর্তী একটি স্থান থেকে এজাহারভুক্ত নাহিদ ও তার সহযোগী জাকারিয়া হত্যায় সন্দিগ্ধ আসামি অমিত হাসানকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাঁধে নাহিদসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের। বাপ্পী হাসানকে বাঁচাতে গিয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহতের ভাই শাহরিয়ার খাঁন বাদী হয়ে শনিবার রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাতজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। শনিবার ভোরে নিজ বাড়ি থেকে এজাহারভুক্ত আসামি মুহিদ হাসান বনিকে গ্রেপ্তার করা হয়। |