|
নারী-পুরুষের সমঅধিকার ও পোশাকের স্বাধীনতা নিশ্চিতের দাবিতে
‘অগ্রযাত্রা নারী ফোরাম’-এর বিবৃতি
প্রাপ্তবয়স্ক নারীর বিদেশযাত্রায় অভিভাবকের অনুমতির প্রশ্ন কেন?
নতুন বার্তা, ঢাকা:
|
বিমানবন্দরে বিদেশগামী প্রাপ্তবয়স্ক নারী যাত্রীদের বৈবাহিক অবস্থা, পোশাক, অভিভাবকের অনুমতি এবং ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত প্রশ্ন ও হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে নারী অধিকার বিষয়ক সংগঠন ‘অগ্রযাত্রা নারীফোরাম’।সম্প্রতি বৈধ পাসপোর্ট ও প্রয়োজনীয় ভ্রমণ নথি থাকা সত্ত্বেও তিন প্রাপ্তবয়স্ক নারীকে নেপাল যাওয়ার পথে বিমানবন্দরে বাধার মুখে পড়তে হয়। তাদের অবিবাহিত হওয়া এবং পরিবারের অনুমতির অজুহাত তুলে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়, যা পরবর্তীতে উচ্চ আদালত পর্যন্ত গড়ায় এবং মহামান্য হাইকোর্ট এ বিষয়ে রুল জারি করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে এক যৌথ বিবৃতিতে সংগঠনটি প্রশ্ন তোলে “একজন প্রাপ্তবয়স্ক নারী কেন স্বাধীনভাবে একা বিদেশে যেতে পারবেন না?” ফোরামের পক্ষ থেকে বিবৃতিতে আহবায়ক, জাকিয়া শিশির বলেন, একজন প্রাপ্তবয়স্ক নাগরিক যদি বৈধ পাসপোর্ট, ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আইনসম্মতভাবে ভ্রমণ করতে চান, তবে শুধুমাত্র তিনি নারী, অবিবাহিত কিংবা একা ভ্রমণ করছেন বলে পরিবারের অনুমতি চাওয়া বা পথরোধ করা মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান নারী-পুরুষের সমঅধিকার এবং নাগরিকের স্বাধীন চলাচলের নিশ্চয়তা দেয়। একইভাবে, পোশাক একজন ব্যক্তির একান্ত নিজস্ব স্বাধীনতা ও পছন্দের বিষয়। আইনি বা নিরাপত্তার সুনির্দিষ্ট কারণ ছাড়া পোশাকের ভিত্তিতে কোনো নারীকে কটাক্ষ, জিজ্ঞাসাবাদ কিংবা অপদস্থ করার কোনো সুযোগ নেই। একজন প্রাপ্তবয়স্ক নারী একজন প্রাপ্তবয়স্ক পুরুষের মতোই স্বাধীনভাবে চলাফেরা, সিদ্ধান্ত গ্রহণ ও মতপ্রকাশের সমান অধিকার রাখেন। ফোরামের পক্ষ থেকে ৫ দফা দাবি করা হয়: ১. বৈধ ভ্রমণ নথি থাকা কোনো প্রাপ্তবয়স্ক নারীকে শুধু নারী, অবিবাহিত বা একা ভ্রমণের কারণে বিদেশযাত্রায় কোনো বাধা দেওয়া যাবে না। ২. বিমানবন্দরে নারী যাত্রীদের বৈবাহিক অবস্থা, ব্যক্তিগত পোশাক কিংবা পারিবারিক অনুমতির মতো অপ্রাসঙ্গিক ও অবমাননাকর প্রশ্ন করে হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। ৩. নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান আইন এবং অভিন্ন ইমিগ্রেশন মানদণ্ড প্রয়োগ করতে হবে। ৪. নারী যাত্রীদের মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা রক্ষায় বিমানবন্দর কর্মীদের জন্য জেন্ডার-সংবেদনশীল আচরণবিধি বাধ্যতামূলক করতে হবে। ৫. ইমিগ্রেশনে সংঘটিত হয়রানির নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর এবং গোপনীয় অভিযোগ প্রতিকার ব্যবস্থা চালু করতে হবে। |