|
লক্ষ্মীপুরে আদালতের রায়ের পর চলাচলের রাস্তার সীমানা প্রাচীর উচ্ছেদ
লক্ষ্মীপুর প্রতিনিধি:
|
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এলাকায় আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে আবুল বাশার নামে এক ব্যক্তির চলাচলের রাস্তার প্রতিবন্ধকতা উচ্ছেদ করেছে প্রশাসন।বৃহস্পতিবার (১ অক্টোবর) গন্ধব্যপুর এলাকার মোক্তার বাড়িতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। স্থানীয় সূত্রে জানা যায়, আবুল বাশারের বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তা প্রতিবেশী মমিন উল্লাহ সীমানা প্রাচীরসহ তিন স্তরের প্রতিবন্ধকতা সৃষ্টি করে বন্ধ করে দেন। এতে আবুল বাশার ও তার পরিবারের সদস্যদের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয়। এ ঘটনায় আবুল বাশার আদালতের শরণাপন্ন হলে বিষয়টি নিয়ে মামলা হয়। মামলার শুনানি শেষে আদালত আবুল বাশারের চলাচলের বিকল্প কোনো রাস্তা না থাকায় প্রতিবন্ধকতা অপসারণের রায় দেন। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে সীমানা প্রাচীরসহ চলাচলের পথে থাকা প্রতিবন্ধকতা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনাকালে সদর উপজেলা ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ জানান, আদালতের রায়ের পরিপ্রেক্ষিতেই আইনানুগভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। |