|
হাতিবান্ধা সীমান্তে ইয়াবাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক
আসাদ হোসেন রিফাতঃ
|
লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে বিজিবির এক বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পশ্চিম ঠ্যাংঝাড়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।আটক ব্যক্তিরা হলেন—হাতিবান্ধা উপজেলার ঠ্যাংঝাড়া এলাকার মোঃ সুলতান আলীর ছেলে মোঃ রাসেল হোসেন (২০) এবং একই এলাকার শাহীন উদ্দিন সরকারের ছেলে মোঃ জেমস সরকার (১৯)। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সুবেদার মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে ঠ্যাংঝাড়া বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ৮০০/৫-এস হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিরা মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি টহলদল থামার সংকেত দেয়। তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাদের আটক করেন। পরবর্তীতে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, একটি বাইসাইকেল, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, চারটি সিমকার্ড এবং নগদ ১১০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৪৪ হাজার ৯৯ টাকা। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে মাদক সংগ্রহ, পরিবহন ও বেচাকেনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। |