|
চাঁপাইনবাবগঞ্জে জুম্মার নামাজের খুৎবাকে কেন্দ্র করে ইমামকে অব্যাহতির প্রতিবাদে মানববন্ধন, পূণর্বহালের দাবী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
জুম্মার নামাজের খুৎবা দেয়াকে কেন্দ্র করে এক ইমামকে জোরপূর্বক অপসারণের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত¡রে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে। পরে ঘটনার সুষ্ঠু তদন্ত ও চাকুরিচ্যুত ইমামকে পূণর্বহাল এবং ইমামদের নায্য অধিকার ও মর্যাদা প্রদানের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন ইমামরা।এ সময় মানববন্ধনে ইমামরা বলেন, চলতি মাসের ৪ সেপ্টেম্বর শুক্রবার শিবগঞ্জ উপজেলার রানিহাটি বাজার ঈদগাহ জামে মসজিদে খুৎবার বয়ানে ইসলামী রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এবং শাসক ও জনগণের ভূমিকার সাথে বর্তমান সরকারের দেশ পরিচালনা বিষয় নিয়ে আলোচনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা এইচ এম আলী হাসান মুজাহিদ। কিন্তু তার ওই বক্তব্য বা বয়ানকে কেন্দ্র করে ওই এলাকার সন্ত্রাসী টুনু ডাক্তারের ছেলে রিটোন মিয়া, সান্তু মিয়ার ছেলে মাসুদ রানা, আব্দুল খালেকের ছেলে রাসেল আলী, ফজলুর রহমানের ছেলে সাদিকুল ইসলাম, ধানু মড়লের ছেলে বিএল আলী, টুনু হাজী এবং একরামুল হাজীসহ আরো কিছু বহিরাগত সন্ত্রাসী ইমামকে হেনস্তা অপদস্ত করে কমিটির মাধ্যমে জোড়পূর্বক পদত্যাগ পত্র আদায় করে। পরে তাকে গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে যোহর নামাজ থেকে ইমামতি করা থেকে বিরত থাকার জন্য বলে রানিহাটি বাজার ঈদগাহ জামে মসজিদ কমিটি। যা একজন ইমামকে অপমান ও অপদস্ত করার শামিল। আর তাই ইমামদের উপর এমন ঘটনাকে জুলুম উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান এবং মাওলানা এইচ এম আলী হাসান মুজাহিদকে পূনরায় স্বপদে পূর্ণবহাল করার দাবী জানান মানববন্ধনে অংশগ্রহণকারী ইমাম সমিতির নেতৃবৃন্দ। মানববন্ধনে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং কেন্দ্রীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। |