|
নিজেই চাকরি ছেড়েছেন, তবু অন্যদের বলছেন ‘চাকরি ছাড়বেন না’, কেন?
নতুন বার্তা, ঢাকা:
|
চাকরি ছেড়ে নিজের মতো করে কাজ করার গল্প এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়। অনেকেই করপোরেট চাকরি ছেড়ে কনটেন্ট তৈরি, ব্যবসা কিংবা স্বাধীন পেশায় যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেন।এসব গল্প দেখে অনুপ্রাণিত হয়ে কেউ কেউ নিজের চাকরি ছাড়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেন। তবে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে আর্থিক প্রস্তুতির বিষয়টি ভালোভাবে ভাবার পরামর্শ দিয়েছেন এক নারী, যিনি নিজেই করপোরেট চাকরি ছেড়েছেন। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন এ তথ্য দেয়। ভারতীয় উদ্যোক্তা ও কনটেন্ট ক্রিয়েটর মানসি খান্ডেলওয়াল ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন, তার পোস্ট দেখে অনেকে তাকে জানান যে তারা চাকরি ছাড়ার বিষয়ে অনুপ্রাণিত হয়েছেন। কিন্তু তাদের প্রতি তার সরাসরি পরামর্শ—‘চাকরি ছাড়বেন না।’ মানসি জানান, তিনি নিজে হঠাৎ করে কিংবা শুধু সাহস দেখানোর জন্য চাকরি ছাড়েননি। বরং সিদ্ধান্ত নেওয়ার আগে হিসাব করেছেন, দীর্ঘ সময় কোনো আয় না থাকলেও তার জীবনযাত্রা চালিয়ে যাওয়া সম্ভব কি না। তার ভাষায়, নিজের কাজ শুরু করার পর যদি এক বা দুই বছর কোনো চাকরি বা ক্লায়েন্ট না-ও পাওয়া যায়, তাহলে কী হবে—এই প্রশ্ন তিনি নিজেকেই করেছিলেন। তখন তিনি ভেবেছেন, এতে তার জীবনযাত্রা বদলাবে কি না, বাসা পরিবর্তন করতে হবে কি না কিংবা ভ্রমণের ক্ষেত্রে বড় ধরনের আপস করতে হবে কি না। তার হিসাব অনুযায়ী, এসব ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করতে হবে না। ফলে আয় না থাকলেও কিছু সময় নিজের পছন্দের কাজ করার মতো আর্থিক প্রস্তুতি তার ছিল। মানসি বলেন, নিজের জীবনযাত্রা বজায় রাখার মতো আর্থিক সক্ষমতা রয়েছে—এটা নিশ্চিত হওয়ার পরই তিনি চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন। এই প্রস্তুতি তাকে মানসিকভাবেও সিদ্ধান্তটির জন্য তৈরি হতে সাহায্য করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের গল্পে যা দেখা যায় না মানসির মতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকরি ছাড়ার গল্পের অনেক সময় শুধু সফলতার অংশটিই সামনে আসে। কিন্তু সেই সিদ্ধান্তের পেছনে দীর্ঘদিনের সঞ্চয় বা আর্থিক প্রস্তুতির বিষয়টি সব সময় বলা হয় না। তিনি জানান, নিজের পোস্টে তিনি সাধারণত বলেন যে করপোরেট চাকরি ছেড়েছেন। কিন্তু চাকরি ছাড়ার আগে প্রায় সাড়ে ছয় বছর ধরে সঞ্চয় করার বিষয়টি হয়তো সামনে আসে না। তাই তার পোস্ট দেখে অন্য কেউ যেন শুধু অনুপ্রাণিত হয়ে একই সিদ্ধান্ত না নেন, সে বিষয়েই সতর্ক করেছেন তিনি। মানসি আরো বলেন, তার এই ভিডিও কাউকে চাকরি ছাড়তে উৎসাহিত করার জন্য নয়। বরং নিজের সিদ্ধান্তের পেছনে থাকা প্রস্তুতির বিষয়টি তুলে ধরতেই তিনি ভিডিওটি করেছেন। চাকরি ছাড়ার আগে যে প্রশ্নগুলো জরুরি কর্মক্ষেত্রে সমস্যা বা বিষাক্ত পরিবেশের কারণে কেউ চাকরি ছাড়ার কথা ভাবতে পারেন—এমন পরিস্থিতির কথাও স্বীকার করেছেন মানসি। তবে তার মতে, এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও আর্থিক দিকটি বিবেচনায় নেওয়া জরুরি। চাকরি ছাড়ার আগে নিজের কাছে প্রশ্ন করা যেতে পারে—নতুন কোনো চাকরি বা আয় শুরু হতে যদি দীর্ঘ সময় লাগে, তাহলে জীবনযাত্রা কীভাবে চলবে? সঞ্চয় দিয়ে কত দিন খরচ চালানো সম্ভব? বাসা, চিকিৎসা, পরিবার, ভ্রমণ কিংবা অন্যান্য নিয়মিত ব্যয়ের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আনতে হবে কি না? বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের ‘চাকরি ছেড়ে নিজের স্বপ্নের পেছনে ছুটুন’ ধরনের পরামর্শ অনুসরণ করার আগে বাস্তব পরিস্থিতি বিবেচনা করার আহ্বান জানিয়েছেন মানসি। তার বক্তব্যের মূল কথা হলো, চাকরি ছাড়ার সিদ্ধান্ত অন্য কারও গল্প দেখে নয়, নিজের আর্থিক সক্ষমতা ও পরিস্থিতি বুঝে নেওয়া উচিত। |