|
কৃষিপণ্য সংরক্ষণে জয়পুরহাটে চালু হলো মিনি কোল্ড স্টোরেজ
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
জয়পুরহাটের কালাইয়ে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় সৌরবিদ্যুৎ চালিত ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার দুপুর ১২ টায় উপজেলার কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে প্রকল্পের আওতায় গঠিত (হাইব্রিড সোলার অপারেটেড) মিনি কোল্ড স্টোরেজ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী জনাব আব্দুল বারী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার, কালাই উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, কালাই উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, আক্কেলপুর উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, ক্ষেতলাল উপজেলা কৃষি অফিসার মল্লিকা রানী। এছাড়াও কালাই উপজেলা বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মৌদুদ আলমসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ও উপজেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকের উৎপাদিত পণ্য সংরক্ষণের সুযোগ না থাকায় অনেক সময় ন্যায্যমূল্য পাওয়া যায় না, বিশেষ করে পচনশীল সবজির ক্ষেত্রে মৌসুমে অতিরিক্ত সরবরাহের কারণে দাম কমে যায়। অন্যদিকে কৃষকদের বিক্রি না হওয়া সবজিগুলো যেন পঁচে না যায়, সেজন্য নির্দিষ্ট একটা মূল্যে স্টোরেজে রেখে পরবর্তীতে সঠিক মূল্যে বিক্রি করতে পারবে। কৃষকের দোরগোড়ায় কৃষি পণ্যের সংরক্ষণ সুবিধা পৌঁছে দিতে সরকার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের পরিকল্পনা নেয়। এসব কোল্ড স্টোরেজ সমবায়ভিত্তিক ব্যবস্থাপনায় ১৫ থেকে ২০ জন কৃষক মিলে পরিচালনা করবেন। কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনূর রশিদ বলেন, ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ বর্তমান সরকারের একটি প্রণোদনা কার্যক্রমের অংশ। এর প্রধান উদ্দেশ্য হলো কৃষকরা যাতে উৎপাদিত শাকসবজি ও ফলমূলের ন্যায্যমূল্য পান, তা নিশ্চিত করা। কৃষকরা পণ্যভেদে দুই দিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত এখানে শাকসবজি ও ফলমূল সংরক্ষণ করতে পারবেন। পরে সুবিধাজনক সময়ে বিক্রি করে তারা ন্যায্যমূল্য পাবেন। |