|
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ অটোরিক্সা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫ দিন পর রুমন আলী (২৩) নামে এক অটোরিক্সা চালকের অর্ধগলিত মরদেহ শিবগঞ্জ উপজেলার পুটিমারী বিলের আখ ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। দুপুরে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এক প্রেসবিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার গৌতম কুমার। এ ঘটনায় অটোরিক্সা ছিনতায়, ক্রয় ও হত্যাকান্ডে জড়িতের দায়ে আটক করা হয়েছে একই উপজেলার তিন যুবককে। এছাড়া হত্যায় ব্যবহৃত কাঠের বাটযুক্ত একটি হাসুয়া জব্দসহ উদ্ধার করা হয় ছিনতাইকৃত অটোরিক্সা।আটককৃতরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার সেলিমাবাদ খানপাড়া এলাকার মনিরুল খান ও ছবি বেগমের ছেলে ওয়াসিম অসিম (৩০), বিশ্বনাথপুর উপজেলার মৃত নূরুল ইসলাম ও রোজন বেগমের ছেলে রফিকুর ইসলাম (৩৪) এবং বাগদূর্গাপুর কলকলিয়া এলাকার আতাউর রহমান ও মারজিনা বেগমের ছেলে উমর ফারুক (২৯)। পুলিশ সুপার জানান, চলতি মাসের ২১ আগস্ট শুক্রবার ভোর সাড়ে ৫টায় জীবিকার তাগিদে ৪ মাস আগে কেনা অটোরিক্সা নিয়ে শিবগঞ্জ উপজেলার মোহনবাগ এলাকার নিজ বাড়ি থেকে বের হন রুমন আলী। কিন্তু দিন শেষে সন্ধ্যায় রুমন বাড়ি ফিরে না আসায় তার পালিত পিতা একরামুল হক ও স্ত্রী নাজমা সুলতানা আশেপাশসহ সম্ভাব্য অনেক জায়গায় খুঁজে না পেয়ে পরদিন ২২ আগস্ট শনিবার শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। তিনি আরো জানান, শিবগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সৌরভ কুমার দত্তের অনুসন্ধানে সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে জিজ্ঞাসাবাদের জন্য ২৩ আগস্ট রবিবার ওয়াসিম এবং রফিকুলকে আটক করা হয় এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একই দিন আটক করা হয় অটোরিক্সা ক্রেতা উমর ফারুককে। পরবর্তীতে শিবগঞ্জ থানার মামলার ভিত্তিতে ৩৬৪/৩৭৯/৪১১/৩৪ ধারায় পেনাল কোডের মাধ্যমে আসামী ওয়াসিম, রফিকুল ও উমর ফারুককে তিন দিনের পুলিশি রিমান্ডে নেয়া হলে তারা প্রত্যেকে নিজ নিজ দায় স্বীকার করে। পুলিশ সুপার গৌতম কুমার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওয়াসিম ও রফিকুল অটোরিক্সা চালক রুমনকে হত্যার দায় স্বীকার করে এবং তাদের সহযোগীতায় বুধবার সন্ধ্যা পৌণে ৬টায় স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ শিবগঞ্জ উপজেলার পুটিমারী বিলের আখ ক্ষেত থেকে রুমনের স্ত্রীর সনাক্তের মাধ্যমে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার। |