|
সখীপুরে দম্পতিকে ঘরে আটকে আগুন দেওয়ার অভিযোগ
কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি :
|
রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ চিৎকার। ছুটে এসে স্থানীয়রা দেখলেন, একটি বসতঘরের দরজা বাইরে থেকে শিকলবন্দি, আর ভেতরে জ্বলছে আগুন। টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর উখারিয়াচালা এলাকায় শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটে এ ঘটনা।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘরের ভেতরে তখন ছিলেন লাল মিয়া (৪৫) ও তাঁর স্ত্রী বেগম (৩৫)। পরিবারের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে দরজার বাইরে শিকল লাগানো অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধারে উদ্যোগ নেন স্থানীয়রা। ঘটনার পর এলাকায় নানা আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে কেউ বা কয়েকজন ঘরের দরজা বাইরে থেকে আটকে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারেন। তবে এ ঘটনার পেছনে কারা রয়েছে কিংবা কী কারণে আগুন দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। লাল মিয়া গড়গোবিন্দপুর উখারিয়াচালা এলাকার মৃত মিলন মিয়ার ছেলে। বসতঘরে এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা গেলে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণও পরিষ্কার হবে বলে মনে করছেন স্থানীয়রা। |