|
নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চাইল তুরস্ক, নেপথ্যে কী
নতুন বার্তা, ঢাকা:
|
গাজামুখী ‘গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা’তে হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে তুরস্ক। একই সঙ্গে দেশটির নৌবাহিনীর একজন কমান্ডার আফেক মসকোভিচের বিরুদ্ধেও এ আবেদন করা হয়েছে।তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। সেখানে তিনি লেখেন, ‘গণহত্যাসহ’ বিভিন্ন অভিযোগে গত ১৪ জুলাই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর আন্তর্জাতিক পর্যায়ে তাদের সন্ধান ও গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। ইস্তাম্বুলের ১১তম হেভি পেনাল কোর্টে চলমান মামলাটিতে মোট ৩৫ জন আসামি রয়েছেন। আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া বেসামরিক ব্যক্তিদের ওপর সশস্ত্র হস্তক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছে। নেতানিয়াহু ও মসকোভিচের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, নির্যাতন, ইচ্ছাকৃতভাবে আহত করা, বেআইনিভাবে স্বাধীনতা হরণ, সম্পত্তির ক্ষতি, গুরুতর ডাকাতি এবং পরিবহনযান ছিনতাইয়ের অভিযোগও রয়েছে। এ বিষয়ে বিচারমন্ত্রী গুরলেক বলেন, গাজায় সংঘটিত অপরাধ ধামাচাপা দেওয়া বা দায়ীদের দায়মুক্তির সুযোগ দেওয়া হবে না। |