|
মিরাজের সঙ্গে বাগবিতণ্ডা, ভুল স্বীকার স্টার্কের
নতুন বার্তা, ঢাকা:
|
চলমান ডারউইন টেস্টের দ্বিতীয় দিন পিচের মাঝে দৌড়ানো নিয়ে মিচেল স্টার্কের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় মেহেদী হাসান মিরাজের। এবার তা নিয়ে মুখ খুলেছেন মিরাজ।ঘটনায় দুজনের অবস্থান পরিষ্কার করেছেন এই অলরাউন্ডার। তার কাছে স্টার্ক নিজের ভুল স্বীকার করেছেন বলেও জানিয়েছেন। পুরো বিষয় নিয়ে আজ টেস্টের তৃতীয় দিনের শেষে মিরাজ বলেন, ‘গতকাল ওই রকম কোনো কিছু হয়নি। শুধু ব্যাটিং করার পর (স্টার্ক) সামনে চলে এসেছিল, আমিও আবার বলটা দেখতে পারিনি। আমি পিচের ভেতর থেকে রান নিয়েছিলাম। তবে এটা ক্রিকেট মাঠে হতে পারে। আর আজ সকালে সে আমার সঙ্গে কথা বলেছে এবং গতকাল যা হয়েছে, ও বলেছে, ‘না, ঠিক আছে। আমারও ভুল হয়েছে। তবে ঠিক আছে, সব ঠিক আছে।’ গতকাল বাংলাদেশের প্রথম ইনিংসে স্টার্কের করা ২১তম ওভারের (অস্ট্রেলিয়ার ইনিংসের ১০৩তম ওভার) পঞ্চম বলে পয়েন্টের দিকে বল ঠেলে রান নিতে ছুটে যান মিরাজ। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, বোলারদের পাশাপাশি ব্যাটারদেরও রান নেওয়ার সময় পিচের মাঝের সুরক্ষিত অংশ এড়িয়ে চলতে হয়। দৌড় শুরু করার সময় মিরাজের চোখ ছিল স্টার্কের দিকে। কিন্তু পরে তিনি বলের দিকে তাকান। আবার সামনে চোখ ফেরানোর সময় দেখেন, তিনি স্টার্কের প্রায় মুখোমুখি অবস্থানে চলে এসেছেন। তখন সরে না গিয়ে পিচের মাঝ বরাবরই দৌড়াতে থাকেন মিরাজ। বিষয়টি আম্পায়ার কুমার ধর্মসেনারও চোখে পড়ে। রান সম্পন্ন হওয়ার আগেই ধর্মসেনা মিরাজের কাছে গিয়ে তাকে পিচের সুরক্ষিত অংশ দিয়ে দৌড়ানোর জন্য সতর্ক করেন। মিরাজও সঙ্গে সঙ্গে নিজের অবস্থান পরিষ্কার করে জানান, বলের দিকে তাকিয়ে থাকার কারণে সামনে কী ছিল, তা তিনি খেয়াল করতে পারেননি। এ ঘটনাকে কেন্দ্র করেই মাঠের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। স্টার্ক মিরাজের দিকে ইঙ্গিত করে বোঝান, সেটি তার ফলো থ্রুর জায়গা এবং মিরাজের পিচের কাছ থেকে সরে যাওয়া উচিত। মিরাজ পাল্টা জানান, বল দেখতে গিয়েই তিনি সামনে কিছু দেখতে পাননি। পরে নিজের জায়গায় ফেরার সময় স্টার্ককে আরো বলতে শোনা যায়, ‘তুমি কিন্তু এখন বাংলাদেশে নেই, বুঝেছ?’। ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশে। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো তারা ৬৭ রানে এগিয়ে। |