|
পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়িকে হত্যা, জামাতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
রাজধানীর কলাবাগান এলাকায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রী ও শাশুড়িকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত জামাতাকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ।গ্রেফতারকৃতের নাম - মো. হৃদয় ওরফে শিপন (৩০)। রবিবার (০২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। এদিন সকালে কলাবাগান থানাধীন আলামিন রোডের একটি বাসার পঞ্চম তলায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কলাবাগান থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, প্রায় পাঁচ বছর আগে ভুক্তভোগীর সঙ্গে ঘাতক শিপনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকত। আজ সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে শিপন বাসায় গিয়ে স্ত্রীর সঙ্গে আবারও ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে সে রান্নাঘর থেকে একটি ধারালো সবজি কাটার চাকু এনে ভুক্তভোগীর গলা কেটে হত্যা করে। এ সময় ভুক্তভোগীর মা তার মেয়েকে রক্ষা করতে এগিয়ে এলে শিপন তাকেও একই চাকু দিয়ে গলা ও কাঁধে আঘাত করে হত্যা করে। তিনি বলেন, হত্যাকাণ্ডের সময় ভুক্তভোগীর ভাই ইয়ামিন ঘটনাটি প্রত্যক্ষ করে আত্মীয়স্বজনকে খবর দেয়। পরে ঘাতক তার এক বছরের সন্তানকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিকাল আনুমানিক ৫ টার দিকে কলাবাগান থানা পুলিশ তাকে গ্রেফতার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকুটি উদ্ধার করে। এ বিষয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে কলাবাগান থানায় একটি হত্যা মামলা হয়েছে বলেও জানান তিনি। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। |