|
দুবাইফেরত যাত্রীর লাগেজে মিলল স্বর্ণ, বিদেশি মদ ও নিষিদ্ধ গৌরি ক্রিম
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা ২ কোটি ৪ লাখ ৭ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ গৌরি ক্রিম এবং বিদেশি মদ আটক করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআর জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ গৌরি ক্রিম এবং বিদেশি মদ আটক করা হয়েছে। আটককৃত পণ্যের শুল্ক-করসহ সর্বমোট আনুমানিক মূল্য ২ কোটি ৪ লাখ ৭ হাজার টাকা। এতে বলা হয়, দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নম্বর BG-148-এর যাত্রীদের ব্যাগেজ গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণকালে ১ নম্বর ব্যাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় তিনটি সন্দেহজনক ব্যাগেজ পাওয়া যায়। পরবর্তীতে ব্যাগেজগুলো তল্লাশি করে Mond ব্র্যান্ডের ৩৭০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে অন্যান্য ফ্লাইটে আগত বিভিন্ন যাত্রীর কাছ থেকে আরও ১১১ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়। এ নিয়ে অভিযানে মোট ৪৮১ কার্টন সিগারেট আটক করা হয়েছে। আটক সিগারেটের আনুমানিক মূল্য ২১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। প্রযোজ্য শুল্ক-কর এবং ৬২১ শতাংশ টোটাল ট্যাক্স ইনসিডেন্স—TTI বিবেচনায় সিগারেটগুলোর মোট মূল্য প্রায় ১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা। একই ফ্লাইটে আগত যাত্রী মো. তাজুল ইসলাম, পাসপোর্ট নম্বর A16264704-এর হ্যান্ডব্যাগ তল্লাশি করে কৌশলে লুকানো ৯৯ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যাত্রীর পাসপোর্ট যাচাই করে দেখা যায়, তিনি এর আগে গত ১০ জুন ২০২৬ তারিখে পাসপোর্টে এন্ট্রির মাধ্যমে শুল্ক-কর পরিশোধ ব্যতিরেকে ১০০ গ্রাম স্বর্ণালংকার আমদানি করেছিলেন। ব্যাগেজ রুলস, ২০২৫ অনুযায়ী একই বছরে নির্ধারিত সীমার অতিরিক্ত স্বর্ণালংকার শুল্কমুক্তভাবে আমদানির সুযোগ না থাকায় নতুন করে আনা ৯৯ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়। আটক স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ১৮ লাখ ৭৪ হাজার ৫৬৫ টাকা এবং শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৩০ লাখ টাকা। অভিযানে আরও ১২ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম আটক করা হয়েছে। এর আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া কলকাতা থেকে আগত বিভিন্ন যাত্রীর কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১ লিটার বিদেশি মদ বা হুইস্কি আটক করা হয়। আটক মদের আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা। প্রযোজ্য ৬১০.৩০ শতাংশ শুল্ক-করসহ এর মোট মূল্য প্রায় ১৫ লাখ ৬২ হাজার টাকা। আটক পণ্যগুলোর বিষয়ে কাস্টমস আইন, ব্যাগেজ বিধিমালা এবং অন্যান্য প্রযোজ্য আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। |