|
দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী 'রেড মুন্না' গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা :
|
রাজধানীর পল্লবী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।গ্রেফতারকৃত আসামি হলো- মো. মুন্না ওরফে রেড মুন্না (৩৬)। শনিবার (০৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। এ দিন দুপুরে পল্লবী থানাধীন বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। পল্লবী থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, শনিবার দুপুরে পল্লবী থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী মুন্না ওরফে রেড মুন্নাকে গ্রেফতারে করে। এসময় তার হেফাজত হতে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। তিনি বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় মাদক, চাঁদাবাজি, চুরি, মারামারি, হত্যাচেষ্টা, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে মোট ১০ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত মুন্না দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ হতে ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। গ্রেফতার সংক্রান্ত ঘটনায় পল্লবী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। |