|
সাংবাদিক পরিচয়ে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সাংবাদিক পরিচয়ে প্রতারণার মাধ্যমে রিকশাচালকদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে এক যুবককে আটক করেছে ডিএমপির ট্রাফিক ওয়ারী বিভাগ। আটক যুবকের নাম মো. সজিব পাঠান সম্রাট (২৮)।বুধবার (২৪ জুন) ট্রাফিক ওয়ারী বিভাগের বরাতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য জানান। তিনি বলেন, যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের সদস্যরা জানতে পারেন— এক ব্যক্তি নিজেকে একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে রিকশাচালকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা আদায় করছেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সজিব পাঠান সম্রাটকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক সজিব পাঠান সম্রাট এক ব্যক্তির কাছ থেকে সাংবাদিক পরিচয়ের একটি আইডি কার্ড সংগ্রহ করেন। পরে তা ব্যবহার করে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করতেন। আটক ব্যক্তিকে যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এডিসি নিয়াজ মেহেদী। |