|
চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড
ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ, আড়াই কোটি টাকার ক্ষতি দাবী ব্যবসায়ীদের
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘রাজশাহী স্টোর’ নামের একটি দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। আগুণে মার্কেটের ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ও ধোঁয়ার সৃষ্টি হয়।ক্ষতিগ্রস্থ দোকান মালিক ও কর্মচারীরা জানান, প্রতিদিনের মতো সকালে ব্যবসার উদ্দেশ্যে নিউ মার্কেটে প্রবেশ করেন বিভিন্ন দোকানের মালিক ও কর্মচারীরা। এ সময় মার্কেটের দক্ষিণ-পশ্চিম কোণে মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত রাজশাহী স্টোর দোকানের ভেতর থেকে বেরিযে আসা ধোঁয়া দেখতে পান তারা। এ সময় আতংকিত ব্যবসায়ী ও কর্মচারীরা নিচ থেকে দৌড়িয়ে দ্বিতীয় তলায় বিষয়টি দেখতে গেলে সেখানে আগুণ দেখতে পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেন তারা। এরই মধ্যে আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় প্যাশন গার্মেন্টস ও রাইশা ফ্যাশন। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের। পরে খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু পর্যাপ্ত পানির অভাবে থেমে যায় ফায়ার সার্ভিসের কাজ। পরে জেলার শিবগঞ্জ উপজেলা থেকে দুইটি এবং নাচোল উপজেলা থেকে একটি মোট ৬টি ইউনিট একসাথে আগুন নেভানোর কাজ শুরু করলে প্রায় দুই ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যবসায়ীদের দাবি আগুনে তাদের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মাহবুব উজ জামান জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে ৩টি ইউনিট দ্রæত ঘটনাস্থলে পৌঁছায়। পরে অবস্থা আরো ভয়াবহ হলে শিবগঞ্জ উপজেলা ও নাচোল উপজেলা থেকে আরো ৩টি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টার সম্মিলিত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত চলছে। একই সাথে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর তালিকা তৈরি করে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরুপণের কাজও চলমান রয়েছে। |