|
যশোরের ৭ শত বস্তা ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জে জব্দ, ট্রাকসহ চালক আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
যশোরের নোয়াপাড়া থেকে অবৈধভাবে পাচার হয়ে আসা ৭ শত বস্তা ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জে নেয়ার পথে জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় ট্রাক ভর্তি সার জব্দ করে নবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। এ সময় ট্রাকটি জব্দ করে এর চালককে আটক করা হয়। দুপুরে এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ।আটক ট্রাক চালক যশোরের চৌগাছা উপজেলার মশিউর নগর এলাকার আব্দুর রহিমের ছেলে আব্দুল মান্নান (৫১)। এ বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, যশোরের নোয়াপাড়া থেকে পাচার হয়ে আসা ট্রাক ভর্তি ৭০০ বস্তা ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় অতিক্রম করার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ট্রাকটি আটকে পুলিশে খবর দেন। পরে নবাবগঞ্জ সদর মডেল থানার একটি টিম সেখানে উপস্থিত হয়ে চালক আব্দুল মান্নানকে আটক করে সার বোঝাই ট্রাকটি (যশোর-ট-১১-৬২১০) জব্দ করে থানায় নিয়ে আসে। তিনি আরো জানান, সারগুলো গোলাপেরহাটে অবস্থিত বিসিআইসির সার ডিলার হুমায়ুন কবিরের গোডাউনে নেয়া হচ্ছিল। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় সার ডিলার হুমায়ুন দীর্ঘদিন ধরে সার কালোবাজারির সাথে জড়িত। আর সার জব্দের পর সকাল থেকে দোকান বন্ধ করে ডিলার হুমায়ুন কবির ও তার ছেলে বাবু পলাতক রয়েছেন। এছাড়া তাদের ব্যবহৃত মুঠোফোনো বন্ধ পাওয়া যাচ্ছে। নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আখন্দ বলেন, অবৈধভাবে কালোবাজারে সার নেয়ার পথে উদ্ধার করা ৭০০ বস্তা ইউরিয়া সার বর্তমানে ট্রাক সহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। |