|
খুলনায় ব্র্যাকের ক্যারিয়ার এক্সপো
সরাসরি সাক্ষাতকার, চাকরির সুযোগ এবং ক্যারিয়ার বিষয়ে পরামর্শ পেলেন তরুণরা
নতুন বার্তা, খুলনা:
|
চাকরি প্রত্যাশী তরুণ-তরুণীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার এক্সপো সিজন ৩’। ব্যাংকিং, মার্কেটিং, সেলস ও উন্নয়ন খাতের মোট ২০টি স্বনামধন্য প্রতিষ্ঠান এই আয়োজনে অংশগ্রহণ করে। পেশাগত জীবন শুরুর জন্য প্রস্তুত তরুণ প্রজন্ম এবং শীর্ষস্থানীয় নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে খুলনার খালিশপুরের বিএনএস তিতুমীর-এর ফেয়ারওয়ে মাল্টিপারপাস হলে ১৯ নভেম্বর, বৃহস্পতিবার ‘ক্যারিয়ার এক্সপো সিজন ৩’ আয়োজন করে ক্যারিয়ার হাব পাওয়ার্ড বাই ব্র্যাক। দিনব্যাপী এই আয়োজনে মোট ৯ হাজার ৪৯৪টি সিভি জমা পড়ে। এর মধ্য থেকে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হন ৬৪৬ জন এবং সরাসরি সাক্ষাৎকারে অংশ নেন ৪৪৬ জন চাকরিপ্রত্যাশী, যার মধ্যে ২৮১ জন চাকরির সুযোগ লাভ করেন। ক্যারিয়ার এক্সপোতে অংশগ্রহণকারীরা আকিজ গ্রুপ, ব্র্যাক ব্যাংক, আড়ং, এসএমসি, আবুল খায়ের গ্রুপ, আরএফএল-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের বুথগুলো ঘুরে দেখেন। এ সময় তারা সরাসরি চাকরির সাক্ষাৎকারে অংশ নেন এবং তাৎক্ষণিক নিয়োগ যাচাই প্রক্রিয়ায় সুযোগ পান। এর পাশাপাশি ক্যারিয়ার হাবের পরামর্শক দলের সহায়তায় সিভি পর্যালোচনা ও সংশোধন সেশনেও অংশ নেন। এই আয়োজনটি তরুণদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গাইডেন্স প্রদানের ক্ষেত্রে ব্র্যাকের অঙ্গীকারের প্রতিফলন। তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক, গ্রামীণ তরুণ, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মজীবনে প্রবেশের সুযোগ বাড়ানোর ব্যাপারে এ উদ্যোগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক, গ্রামীণ তরুণ, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে তরুণ বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা ও ক্যারিয়ার নির্দেশনা প্রদানে ব্র্যাকের অঙ্গীকারকে এই আয়োজন আরও সুদৃঢ় করেছে। প্রধান অতিথি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম বলেন, শুধুমাত্র তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেশি হলেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ অর্জিত হবে না; বরং তাদের দক্ষ, উৎপাদনশীল ও কর্মক্ষম করে গড়ে তুলতে পারলেই তা সম্ভব হবে। ডিগ্রির পাশাপাশি শিক্ষার্থীরা অন্তত একটি বা দুটি কার্যকর দক্ষতা অর্জন করতে পারলে সেই দক্ষতাই তাদের সারাজীবন কর্মসংস্থানের পথ দেখাবে। বিশেষ অতিথি দিঘলিয়ার উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ বলেন, সফলতার কোনো সংক্ষিপ্ত পথ নেই; সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে সর্বোচ্চ একাগ্রতা ও নিরলস অনুশীলনের মাধ্যমেই সাফল্য অর্জন করতে হবে। একটি অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের কর্মসূচী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. গোলাম ফারুক বলেন, আজকের প্রযুক্তিনির্ভর বিশ্বে কেবল দেশের বাজারের কথা না ভেবে, দক্ষতা ও সক্ষমতা বাড়িয়ে নিজেদেরকে একজন ’‘গ্লোবাল সিটিজেন’ হিসেবে গড়ে তুলতে হবে। যাতে বিশ্বের যেকোনো প্রান্তের কর্মক্ষেত্রের জন্য যোগ্য হিসেবে গড়ে তোলা যায়। ব্র্যাকের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ক্লাস্টারের হেড অব প্রোগ্রাম সাপোর্ট ফখরুল আলম বলেন, ক্যারিয়ার মানে কেবল প্রথাগত চাকরি নয়, বরং নিজেদের কর্মজীবনের লক্ষ্য নির্ধারণ করে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে নিজেকে একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে গড়ে তোলা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর এই যুগে কেবল একাডেমিক ফলাফলের ওপর নির্ভর না করে নিজস্ব সৃজনশীলতা ও দক্ষতা দিয়েই এগিয়ে যেতে হবে। ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেশন ইউনিটের ম্যানেজার জে এম সাইফুল ইসলাম দিনব্যাপী আয়োজনের ফলাফল ঘোষণা করেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী নিয়োগদাতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর ‘শ্রমশক্তি জরিপ ২০২৪’-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ীদেশের দেশের মোট বেকার জনগোষ্ঠীর একটি বিশাল অংশই তরুণ, যেখানে ১৫ থেকে ২৯ বছর বয়সী বেকারের সংখ্যাই প্রায় ২০ লাখ ৩০ হাজার। এছাড়া শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে স্নাতক পর্যায়ে বেকারত্বের হার সবচেয়ে বেশি, যা মোট বেকারত্বের প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ। |