|
বোয়ালখালীতে মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
এমরান কাদেরী, বোয়ালখালী, চট্টগ্রাম :
|
চট্টগ্রামের বোয়ালখালীতে জায়গা জমির বিরোধের জের ধরে মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করে মো. মোজাহারুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে।বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন করে হয়রানির শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবারের সদস্য মো. মহিউদ্দিন। তিনি অভিযোগ করেন, পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৭ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির বাসিন্দা মো. মোজাহারুল ইসলাম দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে আসছেন। সম্পত্তি দখল ও আত্মসাতের চেষ্টায় মামলা দিয়ে এবং হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও করেন তিনি। মহিউদ্দিনের দাবি, মোজাহারুল ইসলাম তাঁর আপন বড় ভাই নুরুল ইসলাম, মনিরুল ইসলাম এবং তাঁদের পরিবারের সদস্যদের পাশাপাশি চাচাতো ভাইদের বিরুদ্ধেও থানা ও আদালতে একাধিক মামলা করেছেন। সংবাদ সম্মেলনে পরিবারের আরেক সদস্য মো. রুবেল বলেন, অভিযুক্ত ব্যক্তি তাঁর আপন চাচা। জায়গাজমি নিয়ে বিরোধের জেরে তাঁরা প্রতিবাদ করলেই নতুন করে মামলায় জড়ানো হচ্ছে। একের পর এক মামলা দিয়ে আমাদের হয়রানি করা হচ্ছে। আমরা এসব মামলা থেকে অব্যাহতি ও পরিত্রাণ চাই।’ সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে প্রশাসন ও সরকারের সহযোগিতা কামনা করেন। এ সময় নুরুল ইসলাম, মনিরুল ইসলাম, বিলকিস বেগম, মোহছেনা খাতুন, মনোয়ারা বেগম, রিজিয়া বেগম, আবুল কালাম, শাহজাহান, মো. রুবেল, মো. আকিব, খালেদা বেগম, রুনা আক্তার, লিজা আক্তার, রুমি আক্তার, আবু তৈয়ব ও জাহেদসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযোগ অস্বীকার করে মো. মোজাহারুল ইসলাম বলেন, তিনি কাউকে হয়রানি করেননি কিংবা মিথ্যা মামলা করেননি। বরং তাঁকেই চাপে রাখা হয়েছে। |