|
অবৈধভাবে ওষুধ বিক্রির সুযোগ সৃষ্টি বন্ধে
ফার্মেসি সার্টিফিকেট কোর্সে বিসিডিএস-কে সম্পৃক্ততার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি-বিসিডিএস এর সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর এলাকার বড় ইন্দাড়া মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মশিউর রহমান, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সদস্য মুখলেসুর রহমান, আরিফ হোসেন, বজলুর রহমান, নেসার উদ্দিন প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সটি ফার্মেসি কাউন্সিল এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি-BCDS এর যৌথ উদ্যোগে পরিচালিত হয়ে আসছে। কিন্তু চলতি বছরের ১৮ অক্টোবর ফার্মেসি কাউন্সিল বিসিডিএস-কে বাদ দিয়ে এককভাবে কোর্সটি পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে সামগ্রিকভাবে ফার্মাসিস্টরা ক্ষতিগ্রস্ত হবেন এবং লাইসেন্স ছাড়া অবৈধভাবে ওষুধ বিক্রির সুযোগ সৃষ্টি হবে। এমনকি এই সিদ্ধান্তের ফলে ফার্মেসী কোর্সটি ক্ষতিগ্রস্ত হবে এবং এর প্রভাব পড়বে স্বাস্থ্য খাতে। আর তাই দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আগের মতোই ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সম্পৃক্ততার দাবি জানান কেমিস্টরা। ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে স্থানীয় কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। |