|
চাঁপাইনবাবগঞ্জে মাদকের সোয়া ১৬ লক্ষ টাকাসহ তিন মাদক ব্যবসায়ী আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জে ২২৪ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় নেশার সিরাপ এসকাফ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি। বুধবার (১৮ নভেম্বর) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে পরিচালিত অভিযানে সিরাপগুলো উদ্ধার করে এসআরবি। এ সময় ৩ মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় এসআরবি-৫। বিকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এই তথ্য জানিয়েছেন এসআরবি-৫ মিডিয়া সেল।আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন- শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নলডুবরী গ্রামের সাবিত্রি কর্মকার ও মৃত নিবারন কর্মকারের ছেলে প্রভাত কর্মকার (৪০), একই ওয়ার্ডের গীতা রানী ও মৃত হরেন কর্মকারের ছেলে পবন কর্মকার (৪০) এবং একই উপজেলা ও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ডুলিপাড়া গ্রামের জেরিনা ও মৃত হাবিবুর রহমানের ছেলে খোররাম ওরফে সুমন (২৯)। এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ডুলিপাড়া ও নলডুবরী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় ১ লক্ষ ১২ হাজার টাকার ২২৪ বোতল ভারতীয় নেশার এসকাফ সিরাপসহ প্রভাত, পবন এবং সুমনকে আটক করতে সক্ষম হয় এসআরবি। পরে তাদের কাছে থাকা মাদক বিক্রির নগদ ১৫ লক্ষ ১৪ হাজার টাকা ও আসামীদের ব্যবহৃত ২টি বাটন মোবাইল ফোন স্থানীয় স্বাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়। কোম্পানী কমান্ডার আরো জানান, ধৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। |