|
ঘটনাবহুল আধ ঘণ্টা, তারপর টানা দুই ওভারে আউট তামিম-মুমিনুল
নতুন বার্তা, ঢাকা:
|
মাহফিজুল ইসলাম রবিন বারকয়েক পরাস্ত হলেন। রিভিউয়েও বাঁচলেন। ব্যাট ভাঙলো। তানজিদ হাসান তামিমও আম্পয়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জীবন ফিরে পেয়েছিলেন। কিন্তু জোহানেসবার্গ টেস্টের চতুর্থ দিনে ঘটনাবহুল দ্বিতীয় সেশনের আধ ঘণ্টা পেরোতেই দ্রুত ২ উইকেট হারালো বাংলাদেশ।মার্কো জানসেনের ডেলিভারিতে তানজিদ তামিমের ব্যাট ছুঁয়ে বল চলে গেলো উইকেটরক্ষকের কাছে। ২১ বল খেলে ৪ রান করে ফিরলেন তামিম। দ্বিতীয় ইনিংসে ১১ রানে প্রথম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। পরের ওভারে কাগিসো রাবাদার বল স্টাম্পের ভেতরে টেনে বোল্ড মুমিনুল হক (১)। চতুর্থ দিনে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা পর লাঞ্চ বিরতি হয়। দক্ষিণ আফ্রিকার মাত্র একটি উইকেট বাকি থাকায় সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে হাসান মাহমুদ তার ফাইফার পূরণ করার সুযোগ পেয়েছিলেন। দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেছিলেন ড্যান প্যাটারসনকে। কিন্তু নো বলের কারণে সেটি আউট হয়নি। দক্ষিণ আফ্রিকাও অনায়াসে আধ ঘণ্টা পাড়ি দিয়ে ফেলে। বোর্ডে রানও জমা হয় আরও। শেষ পর্যন্ত এবাদত হোসেন শেষ ব্যাটার প্যাটারসনকে (২৯) আউট করেছেন। বড় শট খেলতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন তিনি। ১২৪.১ ওভারে ৫৫৬ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৪০০ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। অর্থাৎ জোহানেসবার্গ টেস্টে প্রথম ইনিংসেই ১৫৬ রানে পিছিয়ে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল। এর আগে ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিন ফিফটি করা রায়ান রিকেলটন সেঞ্চুরি পূরণ করেছেন এদিন। ১০২ রানের ইনিংস খেলা এই ব্যাটারকে লিটন দাসের স্টাম্পিংয়ে ফেরান মেহেদী হাসান মিরাজ। একইভাবে মিরাজের বলে স্টাম্পিং হওয়ার আগে কাগিসো রাবাদাও করেন গুরুত্বপূর্ণ ৭২ রান। বাংলাদেশের হাসান মাহমুদ ৪টি, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন নেন ২টি করে উইকেট। |