|
চাঁপাইনবাবগঞ্জে মালিকবিহিন ২ লক্ষ টাকার মদ ও মাদক উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় নেশার সিরাপ ও মদ উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি। মঙ্গলবার ও বুধবার এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩১৭ বোতল এস্কাপ সিরাপ, ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ এবং ৩৯ বোতল মদ উদ্ধার করে ৫৩ বিজিবি। বুধবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তীতে এসব তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ।এ বিষয়ে অধিনায়ক জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের মাসুদপুর বিওপি’র একটি বিশেষ টহল দল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান পরিচালনা করে ২১৭ বোতল ভারতীয় নেশার এস্কাফ সিরাপ এবং একই দিন রাত ১০টায় ফতেপুর বিওপির টহল দল একই উপজেলার দূর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ৫৩ বোতল ভারতীয় নেশার চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল মদ উদ্ধার করে। এদিকে একই দিন দিবাগত গভীর রাত ১টায় ব্যাটালিয়নের জহুরপুর বিওপি’র একটি টহল দল সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১০০ বোতল ভারতীয় নেশার এস্কাফ সিরাপ উদ্ধার করে। অধিনায়ক আরো জানান, উদ্ধারকৃত মদ ও মাদকের বাজার মূল্য ২ লক্ষ ৬ হাজার ৫ শত টাকা যা শিবগঞ্জ থানা ও সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আর যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার্থে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে। |