|
পৃথক জানাজায় মা-মেয়ের পাশাপাশি কবর, আহত ছেলে বাবার হাত ধরে জানাজায় উপস্থিত
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ
|
পাশাপাশি কবরে মা-মেয়ে, বাবার হাত ধরে জানাজায় দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদ। পঞ্চগড়ের বোদায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মাহমুদা আক্তার ও তার আট বছর বয়সি মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতিকে পাশাপাশি কবরে দাফন সম্পন্ন হয়েছে।শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের পারিবারিক গোরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। এর আগে একই এলাকায় মা'-মেয়ের জানাজা অনুষ্ঠিত হয়। মায়ের জানাজার সময় বাবার হাত ধরে দাঁড়িয়ে ছিল দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদ। তার চোখেমুখে আতঙ্ক আর ভয়ের ছাপ। যে দুর্ঘটনায় মাকে ও বোনকে হারিয়েছে, সেই ভয়াবহ স্মৃতি যেন এখনো তাড়া করে ফিরছে তাকে। মা-বোনকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার। প্রথমে মাহমুদা আক্তারের (৩৫) জানাজায় ইমামতি করেন তার মামা সিদ্দীক। পরে মেয়ে সম্প্রীতির (৮) জানাজায় ইমামতি করেন বাবা সাংবাদিক আলী আজগর খোকন। জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন আলী আজগর খোকন। স্ত্রী ও মেয়ের জন্য সবার কাছে দোয়া চান তিনি। মহান আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন, সেই দোয়া করেন এবং সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদের সুস্থতার জন্যও সবার কাছে দোয়া কামনা করেন। আলী আজগর খোকন বলেন, মেয়ে সম্প্রীতি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। ছেলে মাহমুদ চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তাকে ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখতেন তিনি। কিন্তু একটি দুর্ঘটনায় মুহূর্তেই সব স্বপ্ন শেষ হয়ে গেল। এসময় দুর্ঘটনায় আহত ছেলে মাহমুদকে নির্বাক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তার চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় যাত্রীবাহী একটি থ্রি-হুইলারকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে থ্রি-হুইলারটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ ঘটনায় আট যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। পরে শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা ও তার মেয়ের মৃত্যু হয়। দুর্ঘটনায় তাদের ছেলে মাহমুদও আহত হয়। এদিন একই ঘটনায় আহত আরেক নারী প্রমিলা (৩০) রাতে ঠাকুরগাঁওয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের খেলারাম গ্রামের কান্দুর স্ত্রী। এ দুর্ঘটনায় মোট তিনজন নিহত হন। |