|
লোহাগড়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বাবাকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ
মো: শাহীনুজ্জামান,নড়াইল :
|
নড়াইলের লোহাগড়ায় মাদক সেবনের টাকা না পেয়ে ৭০ বছর বয়সী বাবাকে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ।এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও অভিযুক্ত ছেলের স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে পলাতক রয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আফসার শেখ (৭০) ওই গ্রামের মৃত হোসেন শেখের ছেলে। অভিযুক্ত ছেলে খায়রুল শেখ (৩০)। স্থানীয় সূত্রে জানা যায়, খায়রুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদক সেবনকে কেন্দ্র করে পরিবারে প্রায়ই অশান্তি লেগে থাকত। এ কারণে কিছুদিন আগে ছেলেকে বাড়ি থেকে বের করে দেন বাবা আফসার শেখ। এরপর থেকে খায়রুল লোহাগড়া পৌর শহরের লক্ষ্মীপাশা এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করছিল। টাকা ফুরিয়ে যাওয়ায় তিন দিন আগে গ্রামের বাড়িতে ফিরে আসে খায়রুল। বৃহস্পতিবার দুপুরে মায়ের কাছে টাকা চাইতে যায়, এ সময় পাশে থাকা বাবা আফসার শেখ টাকা দিতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রান্নাঘরে থাকা ধারালো বঁটি দিয়ে বাবাকে উপর্যুপরি কোপ দেয় খায়রুল। এতে ঘটনাস্থলেই মারা যায় আফসার শেখ। পরে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে। নিহতের বড় ছেলে শামীম শেখ অভিযোগ করে বলেন, “মাদকের টাকা দিতে না পারায় আমার বাবাকে মেরে ফেলেছে আমার ভাই।” খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও অভিযুক্ত ছেলে খায়রুলের স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। অভিযুক্ত খায়রুলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। |