|
গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন আশিক
আব্দুন নুর নাহিদ, জয়পুরহাট প্রতিনিধি:
|
যুক্তরাজ্য ও সাউথ কোরিয়া ভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয়পুরহাটের কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। দক্ষিণ কোরিয়া থেকে পরিচালিত আইকানিউজ আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের অনলাইন ভিত্তিক কনটেস্টে গবেষণা প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে ৩৪ টি দেশের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা করে ১০ জনকে অ্যাওয়ার্ড অফ মেরিট দেওয়া হয়। পাশাপাশি যুক্তরাজ্য থেকে পরিচালিত ইমার্স এডুকেশন প্রবন্ধ প্রতিযোগিতায় স্কলারশিপ ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। সোমবার সকাল ১০ টায় আন্তর্জাতিক সাফল্যে আশিক আহমেদকে অভিনন্দন জানান কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। আশিক আহমেদ জানান, আমার গবেষণার বিষয় ছিল এআই ভবিষ্যৎতে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে কি কি ভাবে ব্যবহার করা যেতে পারে। এছাড়াও ইমার্স এডুকেশন প্রবন্ধ প্রতিযোগিতায় স্কলারশিপ ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি। যেখানে বিশ্বের নামকরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের সাথে বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশের সুযোগ রয়েছে। একজন শিক্ষার্থী হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে এসব স্বীকৃতি অর্জন আমার জন্য আনন্দের ও অনুপ্রেরণার বিষয়। আমার এই অর্জন জয়পুরহাট জেলার অন্যান্য শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা, লেখালেখি এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করবে । কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল বলেন, আন্তর্জাতিক গবেষণায় আমাদের বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী স্বীকৃতি পেয়েছে। সেটি আমাদের জন্য অবশ্যই গর্বের। তারে সাফল্য প্রমাণ করে যে সঠিক ইচ্ছা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সারা বিশ্বের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করে পুরস্কার নিয়ে আসা সম্ভব। আশিক, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের বিদ্যালয় এবং দেশের নাম উজ্জ্বল করেছে। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও গবেষণামূলক মানসিকতা তৈরি করতে হবে। আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার আমাদের বাকি শিক্ষার্থীদের জন্য একটি বিশাল অনুপ্রেরণা। এই অর্জন দেখে আমাদের অন্যান্য শিক্ষার্থীরাও বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণার প্রতি আরও বেশি আগ্রহী হবে। |