|
বোয়ালখালীতে আগুনে পুড়েছে ১৩ বসতঘর ও ২ দোকান
এমরান কাদেরী, বোয়ালখালী, চট্টগ্রাম :
|
চট্টগ্রামের বোয়ালখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩টি বসতঘর ও ২ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মালিক।রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড় ৮টার দিকে বোয়ালখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব কালুরঘাট শেখ বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে জামাল সওদাগরের ভাড়াবাসায় আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভাড়াবাসার মালিক জামাল সওদাগর বলেন, আগুনে তাঁর ভাড়াবাসার ১৩টি বসতঘর, ১ টি মুদির দোকান ও ১ টি বেকারি পুড়ে গেছে। আগুনের তীব্রতায় ভাড়াটিয়ারা ঘর থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি। এতে প্রায় ৪০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছ। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়াদের মধ্যে রয়েছেন চকরিয়ার গার্মেন্টসকর্মী নাছিমা, গাড়ি চালক শাকিল, ভোলার গাড়ি চালক মোহা: নেজাম, গার্মেন্টসকর্মী রাজিব, পটিয়ার রাজমিস্ত্রি মেহা: হেলাল, হাজারীর চরের মোছাম্মৎ জান্নাত ও উখিয়ার গাড়ি চালক মুন্না। গার্মেন্টসকর্মী নাছিমা বেগম বলেন, ‘গার্মেন্টস থেকে পাওয়া বেতনের ১০ হাজার টাকা ঘরে রেখেছিলাম। আগুনে টাকাগুলো পুড়ে গেছে। ভয়াবহ আগুনে টাকাসহ কোন মালামাল উদ্ধার করার সুযোগও পাইনি।’ প্রত্যক্ষদর্শী সোহেল বলেন, ক্ষতিগ্রস্তদের অনেকে চাকরিতে থাকায় আগুন লাগার সময় ঘরে ছিলেন না। ফলে বসতঘর থেকে কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। সেখানে পাঁচটি পরিবার বসবাস করত। বাকিরা ব্যাচেলর হিসেবে থাকতেন। বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ অলক চাকমা বলেন, পূর্ব কালুরঘাট এলাকায় আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। |