|
যাত্রাবাড়ী ১,৪০০ ইয়াবা ও ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
|
রাজধানীর যাত্রাবাড়ীতে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরেক নারী পালিয়ে গেছেন বলে জানিয়েছে ডিএনসি।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম এসব তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার যাত্রাবাড়ী থানার ধলপুর লিচুবাগান এলাকায় অভিযান চালায় ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের কোতয়ালী সার্কেল। এ সময় শাহ আলমের ৩৫/৬ নম্বর বাসার ষষ্ঠ তলার উত্তর পাশের একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় সুমি আক্তার (৩০) নামের এক নারীকে গ্রেফতার করা হয়। তবে তার সঙ্গে থাকা রুলি বেগম (৪০) পালিয়ে যান। ডিএনসির তথ্য অনুযায়ী, গ্রেফতার সুমি আক্তারের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসূলপুর এলাকায়। রুলি বেগমও একই এলাকার বাসিন্দা। তারা দুজনই যাত্রাবাড়ীর ধলপুর লিচুবাগান এলাকায় ওই বাসায় ভাড়া থাকতেন। এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. লোকমান হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। পালিয়ে যাওয়া রুলি বেগমকে গ্রেফতারের চেষ্টা চলছে। |