|
চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরীর অভিযোগে ব্যবসায়ীর কারাদন্ড ও জরিমানা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে নকল কীটনাশক তৈরির অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং তিন লক্ষ টাকা জরিমানা প্রদাণ করা হয়। অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড প্রদাণ করা হয়। সোমবার সন্ধ্যায় উপজেলা কৃষি বিভাগের সহায়তায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার বাজারে মেসার্স সদের ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশিয়ে নকল কীটনাশক তৈরির সময় সদের আলীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করা হয়।এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ জানান, সদের ট্রেডার্স তল্লাশি করে নকল কিটনাশক তৈরীতে ব্যবহৃত বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ, প্লাস্টিকের বোতল, কীটনাশকের খালি প্যাকেট ও প্যাকেটজাত করার মেশিন জব্দ করা হয়। এছাড়াও তার গোডাউন থেকে নির্দিষ্ট পরিমানের অতিরিক্ত অবৈধভাবে রক্ষিত ৩০৭ বস্তা ইউরিয়া সার, ২৪৪ বস্তা এমওপি সার, ১৯ বস্তা ডিএপি সার এবং ৩ বস্তা টিএসপি সার জব্দ করা হয়। তিনি আরো জানান, গোডাউনের স্টক রেজিস্টারের সাথে প্রকৃত মজুদের ব্যাপক অমিল এবং পর্যাপ্ত বিক্রয় রসিদ ও রেজিস্টার দেখাতে না পারায় সার ব্যবস্থাপনা আইন-২০০৬ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৩ লক্ষ টাকা জরিমানা প্রদাণ করা হয়। অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ড প্রদাণ করা হয়। এদিকে জব্দকৃত সার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ দোকান মালিককে ফেরত দেয়ার হয়েছে বলে জানান সদর উপজেলা সহকারী কমিশনার। |