|
ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনায় বিশ্ববাজারে কমল তেলের দাম
নতুন বার্তা, ঢাকা:
|
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান উত্তেজজনার মাঝে নতুন করে চুক্তির সম্ভাবনায় বিশ্ববাজারে তেলের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনার কথা বলার পর মঙ্গলবার তেলের বাজারে স্বস্তি দেখা দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, আলোচনায় অগ্রগতি হয়েছে এবং সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই এ নৌপথ দিয়ে আবারও জাহাজ চলাচল শুরু হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এমন খবরে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যমানের প্রধান সূচক ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেল প্রতি প্রায় পাঁচ শতাংশ কমে ৮০ ডলারের নিচে নেমে এসেছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে আগের দফার আলোচনাগুলো ব্যর্থ হওয়ায় তেলের বাজারে অস্থিরতা এখনো রয়েছে। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম কমার পাশাপাশি মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও পাঁচ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৭৬ ডলারে নেমে এসেছে। উভয় ধরনের তেলের দামই ১৩ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরান ও ওমানের সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর সুযোগ রয়েছে। যদিও এর মাত্র একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মঙ্গলবারই প্রণালিটি খুলে যেতে পারে। সোমবার হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট বরাবরের মতোই একদিকে যেমন কূটনীতি নিয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, অন্যদিকে তেমনি কঠোর হুমকিও উচ্চারণ করেছেন। ট্রাম্প সতর্ক করে বলেন, ধ্বংসাত্মক হামলা বা শিরশ্ছেদের মুখোমুখি হওয়ার আগে ইরানের জন্য এটিই শেষ সুযোগ। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে আকস্মিক হামলা চালানোর পর থেকে ওয়াশিংটন ও তেহরান যুদ্ধে জড়িয়ে পড়ে। গত কয়েক মাসে যুদ্ধবিরতি ও প্রাথমিক সমঝোতা চুক্তি হলেও স্থায়ী কূটনৈতিক সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। বিশ্ববাজারে জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের অন্যতম প্রধান রুট এই হরমুজ প্রণালিই বারবার সংঘাত বৃদ্ধির মূল কারণ হিসেবে দেখা দিয়েছে। ইরান বর্তমানে হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ এবং যাতায়াতকারী জাহাজগুলো থেকে টোল বা রাজস্ব আদায় করতে চায়। তবে যুক্তরাষ্ট্র ইরানের এই সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করছে। গত সপ্তাহে ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে অত্যন্ত কঠিন হামলা চালানোর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গত শনিবার সিদ্ধান্ত থেকে সরে এসে তিনি বলেন, চুক্তির সীমানা ও রূপরেখা নির্ধারিত হয়ে গেছে। সূত্র: বিবিসি। |