|
রায়পুরে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র্যালি
লক্ষ্মীপুর প্রতিনিধি :
|
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুর একটি র্যালি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩১ জুলাই) বিকেল চারটায় উপজেলার বামনী ইউপির কে এস পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। পরে এটি কাফিলাতলী সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। মাদকের বিস্তারের সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, দুর্নীতি এবং কিশোর গ্যাংয়ের মতো অপরাধও বেড়ে যায়। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। সভায় কে এস পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রাক্তন শিক্ষার্থী বাহারুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শরীফ উদ্দিন। তিনি বলেন, "জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন। সচেতন সমাজ গড়ে উঠলে শান্তি ও সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা সম্ভব।" এ সময় বক্তব্য দেন কে এস পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। |