|
সাতক্ষীরায় নানা আয়োজনে বিশ্ব বাঘ দিবস পালিত
সাতক্ষীরা প্রতিনিধি:
|
সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বাঘ দিবস ২০২৬ পালিত হয়েছে।বুধবার (২৯ জুলাই) সকালে ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরের বুড়িগোয়ালিনী সিএমসি কার্যালয়ে সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি (সিএমসি) এবং সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সভাপতি মাহমুদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিন, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী, সাংবাদিক শরীফুল্লাহ সুমন, আমিনা বিলকিস ময়না, কলাগাছিয়া ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলজ দ্বীপ, পিপল্স কমিটির সদস্য আব্দুর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিছুজ্জামান সুমন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম এবং হাফেজ রেজাউল করিম। আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবনকে টিকিয়ে রাখতে হলে বাঘ সংরক্ষণ করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১২৫টিতে দাঁড়িয়েছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। বাঘ ও মানুষের দ্বন্দ্ব রুখতে সুন্দরবনের বিভিন্ন লোকালয়সংলগ্ন এলাকায় ইতোমধ্যে ২৬ কিলোমিটার নাইলনের ফেন্সিং (বেড়া) দেওয়া হয়েছে। তবে কেবল বন বিভাগের একক প্রচেষ্টায় সুন্দরবন রক্ষা সম্ভব নয়; এর জন্য উপকূলীয় এলাকার মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি প্রয়োজন সমন্বিত উদ্যোগ। বাঘ না থাকলে সুন্দরবন থাকবে না, আর সুন্দরবন না থাকলে এই পুরো উপকূলীয় অঞ্চল প্রাকৃতিক দুর্যোগের মুখে অরক্ষিত হয়ে পড়বে। পরে বুড়িগোয়ালিনী স্টেশন কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বাঘ সংরক্ষণ বিষয়ক এক রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। |