|
২০ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রার্থী হিসেবে মিজানুর রহমান মিজানকে চান স্থানীয়রা
বিশেষ প্রতিনিধি:
|
তফসিল ঘোষণা না হলেও আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (DNCC) নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে বাড়তে শুরু করেছে আগাম নির্বাচনী হাওয়া। এরই ধারাবাহিকতায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থীর মনোনয়ন নিয়ে মাঠপর্যায়ের নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও মেরুকরণ তৈরি হয়েছে। স্থানীয় তৃণমূল নেতা-কর্মী ও এলাকার বাসিন্দাদের একাংশের মতে, আগামী নির্বাচনে এই ওয়ার্ডের কাউন্সিলর পদে বিএনপির সবচেয়ে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী বনানী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান।স্থানীয় সূত্র জানায়, বিগত সরকারের সময়ে আন্দোলন-সংগ্রামে রাজপথে সরব ভূমিকা রেখে বনানী ও মহাখালী, কড়াইল এলাকায় নিজের সুদৃঢ় অবস্থান তৈরি করেছেন এই বিএনপি নেতা। রাজনৈতিক আন্দোলন করতে গিয়ে তিনি নানা সময়ে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। দলের নেতা-কর্মীরা জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছিল, যা সহ্য করেও তিনি রাজপথ ছেড়ে যাননি। মহাখালী ও বনানী এলাকার তৃণমূলের নেতা-কর্মীরা জানান, মিজানুর রহমান মিজান শুধু রাজপথের মাঠপর্যায়ের রাজনৈতিক যোদ্ধাই নন, তিনি একজন দক্ষ ও মার্জিত বক্তা। এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা বা বিরোধ নিষ্পত্তিতে সুবিচার নিশ্চিত করতে তার একটি বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে। এলাকার সুখে-দুঃখে দীর্ঘ সময় ধরে পাশে থাকায় সর্বস্তরের মানুষের মাঝে তার আলাদা একটি জনপ্রিয় বলয় তৈরি হয়েছে। এলাকার স্থানীয় এক প্রবীণ বাসিন্দা ও সাধারণ ভোটার জাহাঙ্গীর হোসেন বলেন, "আমরা ২০ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দারা চাই নিজ এলাকার সন্তানই আমাদের কাউন্সিলর হোক। যারা উড়ে এসে জুড়ে বসে আবার নির্বাচন শেষে হারিয়ে যায় বা স্বার্থ হাসিল করে চলে যায়—এমন কাউকে সাধারণ ভোটাররা এবার চায় না। এলাকার সন্তানকে প্রতিনিধি হিসেবে পেলে সাধারণ মানুষ যেকোনো প্রয়োজনে তাকে কাছে পাবে এবং ওয়ার্ডের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে।" বনানী থানা বিএনপির একজন তৃণমূল কর্মী একটি ইউনিটের সাধারণ সম্পাদক আনিস রহমান জানান, "মিজান ভাই দলের সংকটে সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ত্যাগী ও রাজপথের পরীক্ষিত এই নির্ভীক নেতাকে দল মূল্যায়ন করবে—এটাই আমাদের প্রত্যাশা। ২০ নম্বর ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী হিসেবে তাকে মনোনীত করা হলে তৃণমূলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে বিজয়ের লক্ষ্য নিয়ে কাজ করবে।" এ বিষয়ে মিজানুর রহমান মিজানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি সবসময় দলের আদর্শ বজায় রেখে রাজপথে থেকেছি। হামলা-মামলা ও শারীরিক নির্যাতন সত্ত্বেও জনগণের পাশে থাকা থেকে পিছু হটাইনি। দল যদি আমাকে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে যোগ্য মনে করে এবং দায়িত্ব দেয়, তবে এলাকাবাসীকে সাথে নিয়ে একটি আধুনিক, মাদক ও সন্ত্রাসমুক্ত এবং দখলমুক্ত পরিচ্ছন্ন ওয়ার্ড হিসেবে এটিকে গড়ে তুলবো। ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের অধিকার ও সুশাসন নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ।" রাজনীতি বিশ্লেষকদের মতে, তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক এবং বিগত দিনের রাজনৈতিক ত্যাগের বিষয়টি বিবেচনায় নিলে আগামী সিটি নির্বাচনে ২০ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রার্থী দৌড়ে মিজানুর রহমান মিজান বড় একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারেন। |