|
আয় বৃদ্ধি ও শক্তিশালী অ্যাসেট কোয়ালিটিতে ২০২৬-এর প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের উল্লেখযোগ্য সাফল্য অর্জন
প্রতিষ্ঠানটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা ১৩৭ কোটি টাকা, ২০২৫ সালের প্রথমার্ধের তুলনায় ২৬ শতাংশ প্রবৃদ্ধি
নতুন বার্তা, ঢাকা:
|
চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আর্থিক ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি করেছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি। ২০২৬ সালের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির সমন্বিত (কনসোলিডেটেড) কর-পরবর্তী নিট মুনাফা ১৩৭ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। একই সময়ে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৯৯ টাকায়, যা ২০২৫ সালের প্রথমার্ধে ছিল ২ দশমিক ৩৭ টাকা।এ সময়ে মুনাফার বিভিন্ন সূচকেও প্রবৃদ্ধি অর্জন করেছে আইডিএলসি। প্রতিষ্ঠানটির বাৎসরিক রিটার্ন অন ইক্যুইটি (আরওই) বেড়ে ১২ দশমিক ৩৬ শতাংশ এবং রিটার্ন অন অ্যাসেটস (আরওএ) বেড়ে ১ দশমিক ৫২ শতাংশ হয়েছে। এর ফলে আয় বৃদ্ধির পাশাপাশি প্রতিষ্ঠানটির মূলধন ও সম্পদের কার্যকর ব্যবহারও নিশ্চিত হয়েছে। একক (স্ট্যান্ডালোন) ভিত্তিতে আইডিএলসি’র গ্রাহক আমানত দাঁড়িয়েছে মোট ১১ হাজার ৪৫৪ কোটি টাকায়। একই সময়ে প্রতিষ্ঠানটির ঋণ পোর্টফোলিও দাঁড়িয়েছে ১১ হাজার ৭৬০ কোটি টাকায়। প্রতিষ্ঠানটির মন্দ ঋণের হার (এনপিএল) ২০২৫ সালের প্রথমার্ধের ৪ দশমিক ৫৮ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৪৭ শতাংশে নেমে এসেছে। এটি দেশের আর্থিক খাতের গড়ের তুলনায়ও উল্লেখযোগ্যভাবে কম। একই সাথে, ১১২ শতাংশ এনপিএল প্রভিশন কভারেজ রেশিও বজায় রেখে ঝুঁকি ব্যবস্থাপনায় সতর্কতা এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিতে নিজেদের প্রতিশ্রুতিকে পুনর্ব্যাক্ত করেছে আইডিএলসি। আইডিএলসির বহুমুখী ব্যবসায়িক কাঠামোতে থাকা এর সাবসিডিয়ারি আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড প্রতিষ্ঠানটির সামগ্রিক ব্যবসায়িক ফলাফলে ইতিবাচক অবদান রেখেছে। এর মাধ্যমে একটি সমন্বিত আর্থিক সেবাদানকারী প্ল্যাটফর্ম হিসেবে আইডিএলসির সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে। আইডিএলসি ফাইন্যান্সের ধারাবাহিক অগ্রগতি প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম জামাল উদ্দিন বলেন, “ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি জুড়ে ফান্ডিং কস্ট নিয়ন্ত্রণ, অ্যাসেট কোয়ালিটি ধরে রাখার চাপ, এবং গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদার সাথে মানানসই সমাধান তৈরি সহ নানা ধরণের চ্যালেঞ্জ রয়েছে। তা সত্ত্বেও, ২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি’তে আমাদের মূল লক্ষ্য ছিলো অপরিবর্তিত। আমরা একটি শক্তিশালী ব্যালান্স শিট ধরে রাখা, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা, এবং সতর্কতার সঙ্গে ব্যবসা সম্প্রসারণের সুযোগকে কাজে লাগানোর ওপর প্রাধান্য দিয়েছি, এবং সফল হয়েছি।” আইডিএলসি ফাইন্যান্সের চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার বলেন “অ্যাসেট কোয়ালিটি সফলভাবে ধরে রাখার পাশাপাশি ২০২৬ সালের প্রথমার্ধে আমরা যথেষ্ট মুনাফা প্রবৃদ্ধি অর্জনেও সফল হয়েছি, যা আমাদের আরো আশাবাদী করেছে। অগ্রগতির এই ধারা ভবিষ্যতে আইডিএলসি’র ভিত্তিকে আরও শক্ত ও টেকসই করে তুলবে, এটিই প্রত্যাশা।” ২৮ জুলাই রাজধানীর গুলশানে অবস্থিত আইডিএলসি করপোরেট হেড অফিসে প্রতিষ্ঠানটির ৩৭০তম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় আইডিএলসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ২০২৬ সালের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদনটি অনুমোদন করে। ২০২৬ সালের প্রথমার্ধের সমাপ্তিতে আইডিএলসি’র উল্লেখযোগ্য আর্থিক সূচকঃ # সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা: ১৩৭ কোটি টাকা (২০২৫ সালের প্রথমার্ধের তুলনায় ২৬ শতাংশ প্রবৃদ্ধি) # গ্রুপের শেয়ারপ্রতি আয় (ইপিএস): ২ দশমিক ৯৯ টাকা (২০২৫ সালের প্রথমার্ধে ছিল ২ দশমিক ৩৭ টাকা) # গ্রুপের বাৎসরিক রিটার্ন অন ইকুইটি (আরওই): ১২ দশমিক ৩৬ শতাংশ (২০২৫ সালের প্রথমার্ধে ছিল ১০ দশমিক ৭২ শতাংশ) # গ্রুপের রিটার্ন অন অ্যাসেটস (আরওএ): ১ দশমিক ৫২ শতাংশ (২০২৫ সালের প্রথমার্ধে ছিল ১ দশমিক ৪০ শতাংশ) |