|
চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় মোবাইলসহ ২ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
|
চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সীমান্তবর্তী মনাকষা এলাকায় পরিচালিত এক অভিযানে ১০ টি ভারতীয় মোবাইল উদ্ধার করে ৫৩ বিজিবি। এ সময় মোবাইল চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি। আটক করা হয় দুই যুবককে। বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।আটককৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের আবুল কালামের ছেলে শাহিন আলম (২০) এবং বেলাল উদ্দিনের ছেলে মাহফুজ (১৭)। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের মনাকষা বিওপি'র একটি বিশেষ টহল দল মঙ্গলবার সকাল ৯ টায় শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনাকষা গ্রামের মাস্তানমোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পাকা সড়কে তল্লাশি চেকপোস্টে একটি মোটরসাইকেলের গতি রোধ করে তল্লাশি চালালে শাহিন ও মাহফুজের কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৮টি ভারতীয় মোবাইল এবং তাদের ব্যবহৃত ২টি মোবাইল সহ মোট ১০ টি মোবাইল উদ্ধার করা হয়। অধিনায়ক আরো জানান, অভিযানে মোবাইল চোরাচালানে ব্যবহৃত ১টি মোটরসাইকেল সহ যুবক শাহিন ও মাহফুজকে আটক করা হয়। মোটরসাইকেলসহ জব্দকৃত মোবাইলের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ২৪ হাজার ৪ শত ৮৯ টাকা, যা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আসামীসহ শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। অধিনায়ক কাজী মুস্তাফিজুর রহমান জানান, যে কোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করছে বিধায় জুলাই মাসে ৫৩ বিজিবি কর্তৃক বিভিন্ন অভিযানে ৩ জন আসামীসহ ৬৬ টি ভারতীয় ফোন জব্দ করা হয় যা চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস অফিসে ৫৫ টি ও থানায় ১১টি জমা করা হয়েছে। |