|
বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
এমরান কাদেরী, বোয়ালখালী (চট্টগ্রাম) :
|
চট্রগ্রামের বোয়ালখালীতে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ রাহাত (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের ধোরলা গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় ইউপি সদস্য মোহা. শেখ কামাল বলেন, শিশু রাহাত ৭ নং ওয়ার্ডের ধোরলা গ্রামের মরহুম মুন্সি মিয়া চেয়ারম্যান বাড়ির মোহাম্মদ.লিটনের ছেলে। সে পিসি সেন সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো। লিটনের ২ পুত্র সন্তানের মধ্যে রাহাত ছোট ছেলে। রাহাতের বাবা মোহাম্মদ লিটন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় মাদ্রাসার পুকুরে একা গোসল করতে গিয়েছিলো রাহাত। সে দীর্ঘ সময়েও ঘরে না ফেরায় পুকুরে তল্লাশী চালিয়ে রাহাতকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা বলেন, বিকেল ৩টার দিকে রাহাত নামের এক শিশুকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। সে পুকুরে ডুবে গিয়েছিল বলে তার স্বজনরা জানিয়েছেন। |