|
বোয়ালখালী পৌরসভার ৪১ কোটি টাকার বাজেট ঘোষণা
এমরান কাদেরী, বোয়ালখালী (চট্টগ্রাম) :
|
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্নয়ন তহবিলকে অগ্রাধিকার দিয়ে ৪১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ২১৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক কানিজ ফাতেমা। তিনি জানান, বাজেটে উন্নয়ন তহবিলে আয় ধরা হয়েছে ৩৩ কোটি ৫১ হাজার টাকা এবং রাজস্ব তহবিলে আয় ধরা হয়েছে ৮ কোটি ৫৬ লাখ ১৭ হাজার ২১৭ টাকা। বাজেটে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪০ কোটি ৮৬ লাখ ৭৯ হাজার ০.৬৮ টাকা । এতে উদ্বৃত্ত রাখা হয়েছে ৬৯ লাখ ৮৯ হাজার ১৪৯ টাকা, যা ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যয় করা হবে বলে জানানো হয়। এসময় বোয়ালখালীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌর প্রশাসক কানিজ ফাতেমা বলেন, ‘ নাগরিক সুবিধা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় জনস্বার্থে কাজ করার প্রত্যয়ে এ বাজেট তৈরি করা হয়েছে। জনগণের মৌলিক চাহিদা গুলোকে অগ্রাধিকার দিয়ে ব্যদয় কাঠামো নির্ধারণ করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘পৌরসভার কার্যক্রম পরিচালনায় আমরা অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করতে আসি, এতে আপনাদের মতামত ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এলাকার উন্নয়নে এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন , উপজেলা প্রকৌশলী রণি সাহা, সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, ,উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ, বিএনপি নেতা ইসহাক চৌধুরী, মো শহীদুল্লাহ্ চৌধুরী, পৌর নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপ সহকারি প্রকৌশলী মো. কামরুজ্জামান, হিসাবরক্ষক (ভারপ্রাপ্ত) মো. আবু সাইদসহ পৌর কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। |