|
চাঁপাইনবাবগঞ্জে পাথর ভর্তি ট্রাকে মিলল ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ, যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
|
সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় ট্রাকের ৩২০টি যন্ত্রাংশ ও ১০ টন পাথরসহ ট্রাক জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। শনিবার দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ করে বিজিবি। অভিযানে এক যুবককে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।আটক যুবক জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাজিতপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (২৩)। অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলামের নেতৃত্বাধীন সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে ৮ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় শনিবার রাতে অভিযান পরিচালনা করে। এ সময় পাথর বোঝায় বাংলাদেশি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-৫১৯৮) তল্লাশি করে পাথরের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ৩২০ পিস ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পরে ট্রাকের ১০ টন পাথরসহ ট্রাকটি জব্দ করা হয়। আটক করা হয় মাহফুজকে। অধিনায়ক আরো জানান, আটককৃত যুবক ও জব্দকৃত ভারতীয় ট্রাকের যন্ত্রাংশসহ ট্রাকটি শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। |