|
বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
|
দিনাজপুর জেলায় বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, আদিবাসী জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।গত বৃহস্পতিবার সভায় সভাপতিত্ব করেন চিত্তরঞ্জন পাহান, বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ আদিবাসী পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক স্বপন বাসিল কিস্কু। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর সভাপতি শ্যামল মার্ডি, সাধারণ সম্পাদক জেরভ্যাস মারান্ডি, দিনাজপুর সদর উপজেলা কমিটির সভাপতি আরতি হাঁসদা এবং সাধারণ সম্পাদক শ্রী কান্ত সরেন। এছাড়াও দিনাজপুর জেলার ১৩টি উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা সভায় অংশগ্রহণ করেন। সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় পর্যালোচনা করা হয় এবং আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক,অর্থনৈতিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা বলেন,বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর মূল লক্ষ্য হলো দেশের আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার,মর্যাদা ও উন্নয়ন নিশ্চিত করা। এ লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভা শেষে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আয়োজনে ছিলেন বাংলাদেশ আদিবাসী পার্টি, কেন্দ্রীয় কমিটি। |