|
র্যাব এসবিসহ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে রদবদল
নতুন বার্তা, ঢাকা:
|
বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ তিন ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখায় (এসবি) নতুন প্রধান পদায়ন হয়েছে। এছাড়া পুলিশের আরও বেশকিছু গুরুত্বপূর্ণ ইউনিটের রদবদল হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপনে এসব পদায়ন রদবদলের কথা জানানো হয়।এতে বলা হয়, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি, সুপার নিউমারারি অতিরিক্ত আইজিপি) আহসান হাবীব পলাশকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র্যাব) বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিন বিশেষ শাখাতে (এসবি) ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মোসাহেদ উদ্দিন আহমেদকে সিআইডিতে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সিআইডির অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহকে পুলিশ অধিদপ্তরে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার (সিএমপি) ও অতিরিক্ত আইজিপি হাসিব আজিজকে অতিরিক্ত আইজিপি হিসাবে এপিবিএন-এ, ডিএমপির অতিরিক্ত পুলিশ (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে সিএমপি কমিশনার হিসাবে ও এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসাবে বদলি করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের ডিআইজি আশরাফুর রহমানকে অতিরিক্ত আইজি হিসাবে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি এসবির ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার প্রিন্সিপাল হিসাবে পদায়ন করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে খাগড়াছড়ি, মাগুরা ও মাদারীপুরে নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী মাগুরার পুলিশ সুপার হিসাবে নিয়োগ পেয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মোল্লা আজাদ হোসেন। মাদারীপুরে পাঠানো হচ্ছে মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমানকে। সিআইডির পুলিশ সুপার মোরতোজা আলী খানকে খাগড়াছড়ির পুলিশ সুপার হিসাবে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডির পুলিশ সুপার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে ও খাগড়াছড়িতে বদলির আদেশপ্রাপ্ত ডিএমপির উপপুলিশ কমিশনার মোস্তাক সরকারের বদলির আদেশ বাতিল করা হয়েছে। |