|
সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনে হেযবুত তওহীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত
নতুন বার্তা, ঢাকা:
|
অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের উদ্যোগে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (০৩ মার্চ, ২০২৬) বিকালে ‘ধর্মীয় চরমপন্থা মোকাবেলায় ইসলামের প্রকৃত শিক্ষা ও আইনের শাসন’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় দেশের উচ্চ আদালত ও সর্বোচ্চ আদালতের সাবেক বিচারপতি ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এই ধর্ম উগ্রবাদ, চরমপন্থা, সাম্প্রদায়িকতা ও অসহিষ্ণুতাকে সমর্থন করে না। তবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিকৃত ব্যাখ্যা দিয়ে ধর্মবিশ্বাসী মানুষকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করে একটি বিশেষ শ্রেণি। এটা বন্ধ করতে হলে মানুষের মধ্যে ধর্মের সঠিক শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দিতে হবে, মন্তব্য করেন হেযবুত তওহীদের এই শীর্ষ নেতা। অনুষ্ঠানে মানবাধিকার, সহিষ্ণুতা, ন্যায়বিচার ও বাক স্বাধীনতার সুরক্ষা এবং জনসাধারণের আইনগত সুবিচার নিশ্চিতের উপায় নিয়ে মুক্ত আলোচনা হয়। হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিচারপতি এমদাদুল হক আজাদ, বিচারপতি সৈয়দ সহিদুর রহমান, বরিশাল বিভাগ আইনজীবী সমিতির সভাপতি মাহবুব হোসেন, বাংলাদেশ জাতীয় অর্থনীতি সমিতির সভাপতি মো. খসরুজ্জামান, বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা, হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুব আলম মাহফুজ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। |