|
দেশে গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা চালাচ্ছে একটি অপশক্তি: স্পিকার
নতুন বার্তা, ঢাকা:
|
একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি ‘গৃহযুদ্ধ’ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্পিকার বলেন, অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি ‘গৃহযুদ্ধ’ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে। তিনি বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এ অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধানে ভূমিকা রাখবেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যের প্রশংসা করে স্পিকার বলেন, তাদের বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক অনুপ্রাণিত হয়েছেন। সংসদে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য তিনি সংসদ সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলের নেতৃবৃন্দ, চিফ হুইপ, হুইপ এবং সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ডেপুটি স্পিকার ও সভাপতিমণ্ডলীর সদস্যদেরও ধন্যবাদ জানান তিনি। স্পিকার সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য জাতীয় সংসদ সচিবালয়, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ দেশের গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিদেরও ধন্যবাদ জানান তিনি। পরে স্পিকার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জারি করা অধিবেশন সমাপ্তির আদেশ পাঠ করেন। |