|
নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত হচ্ছে রূপপুর
নতুন বার্তা, ঢাকা:
|
আগামী নভেম্বরের মধ্যেই পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর আশা করছে সরকার। সেই সঙ্গে আগামী বছরের জুন মাসের মধ্যে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং বা রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলেছে। বুধবার (১৪ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বিদ্যুৎকেন্দ্রটির সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।বৈঠকের বিষয়ে জানিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার জাতীয় সংসদ ভবনে জাতীয় সংসদের হুইপ ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সভাপতিত্বে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এদিন বৈঠকের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয় এবং কমিটির সভাপতি স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের বীর শহিদ এবং ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরসগুলোর কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্ব এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম উপস্থাপন করা হয়। |