|
নড়াইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র জোবায়ের নিহত
মো: শাহীনুজ্জামান,নড়াইল :
|
নড়াইলের লোহাগড়া উপজেলায় সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে জোবায়ের মোল্যা (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার বন্ধু আজিজুর আহত হয়েছে।শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের নলদী-লোহাগড়া আঞ্চলিক সড়কের ব্রাহ্মণডাঙ্গা এলাকায় দুর্ঘটনা ঘটে। জোবায়ের মোল্যা নোয়গ্রাম ইউনিয়নের চর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের হাফিজুর মোল্যার ছেলে এবং নলদী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। তার আহত বন্ধু আজিজুর একই গ্রামের আজমুলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে জোবায়ের মোল্যা তার বন্ধু পাশ্ববর্তী হান্দলা গ্রামের আজগরের ছেলে রিজভীর মোটরসাইকেল চেয়ে নিয়ে নলদী বাজারের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু কিছু পথ গিয়ে ফিরে আসার পথে নলদী-লোহাগড়া সড়কের ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশের মোড়ে পৌঁছালে তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। এসময় মোটরসাইকেলটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে জোবায়ের গুরুতর আহত হয়। এসময় তার পিছনে থাকা আজিজুর সামান্য আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় জোবায়েরকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের বিষয়টি অবগত হয়েছি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। |