|
আগৈলঝাড়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
আগৈলঝাড়া (বরিশাল)প্রতিনিধি:
|
বরিশালের আগৈলঝাড়ায় ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা, চাষ করা কলাগাছ কেটে নেওয়া এবং পুকুরের মাছ ধরতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে।এ ঘটনায় উপজেলার তালতা গ্রামের মো. সোবাহান সরদার (৫৫) আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি মো. সরোয়ার সরদার (৫০), মো. সেলিম সরদার (৪৫), মো. হাসান সরদার (২৫), মো. এনায়েত সরদার (২০), মো. মনির হোসেন তালুকদার (৫০) সহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে অভিযুক্ত করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সোবাহান সরদার প্রায় ছয় বছর আগে তালতা এলাকার একটি সম্পত্তি ক্রয় করে ধানের আবাদ ও ভোগদখল করে আসছেন। পরবর্তীতে জমি ভরাট করে টিন ও কাঠের ঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগকারী দাবি করেন, অভিযুক্তরা ওই সম্পত্তির মালিকানা দাবি করে তাকে উচ্ছেদের চেষ্টা করে আসছেন। এ নিয়ে আদালতে মামলা হলে আদালতের রায়ে তিনি ওই সম্পত্তিতে বসবাসের অনুমতি পান বলেও অভিযোগে উল্লেখ করেন। এর আগে হুমকি-ধামকির ঘটনায় থানায় ও আগৈলঝাড়ায় অস্থায়ী সেনা ক্যাম্পে অভিযোগ করা হয়েছিল বলে জানান তিনি। পরে উভয় পক্ষের কাগজপত্র দেখার পর তাকে সম্পত্তি ভোগদখলে থাকার নির্দেশ দেওয়া হয় এবং অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছিল বলে অভিযোগে দাবি করা হয়েছে। মো. সোবাহান সরদারের অভিযোগ, পরবর্তীতে অভিযুক্তরা তার চাষ করা কলাগাছ থেকে ২০ ছড়ার বেশি কলা কেটে নিয়ে যায়। এবং তার রোপনকৃত কিছু চারা গাছ উপড়ে ফেলে এছাড়া গত ২৩ জুন ২০২৬ সকালে নিজের চাষ করা পুকুরের কচুরিপানা পরিষ্কার করার পর মাছ ধরার চেষ্টা করলে মোবাইল ফোনে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। অভিযোগকারী আশঙ্কা করছেন, অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের আরও ক্ষতি করতে পারেন। তাই বিষয়টি তদন্ত করে অতিসত্বর অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আগৈলঝাড়া থানায় আবেদন জানিয়েছেন তিনি। |